ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি :
"শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্বপ্নের বাংলাদেশ গড়ি" — এই স্লোগানকে সামনে রেখে মুক্তাগাছায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। ১ মে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচি।
উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রমিকদলের যৌথ আয়োজনে সকালে একটি বিশাল র্যালি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
লাল-সবুজের ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর ছিল পুরো শহর। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
র্যালি শেষে পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক শ্রমিক সমাবেশ। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, জেলা যুবদলের সহ সভাপতি কাজী রিপন, উপজেলা সমবায় দলের আহবায়ক মো: শহিদুর রহমান সোহেল , ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক নুরে হাসানুজ্জামান সোহগ প্রমুখ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকদের কষ্টার্জিত ঘামেই এগিয়ে যাচ্ছে দেশ। তাঁরা নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার দাবি জানান।
অনুষ্ঠানে মটর শ্রমিক ইউনিয়ন, ইলেক্ট্রনিক শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়নসহ মুক্তাগাছার প্রায় সব শ্রমজীবী সংগঠন অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও বিশিষ্ট।
শ্রমিকদের অংশগ্রহণে এ আয়োজন এক উৎসবে পরিণত হয় — যা প্রমাণ করে, শ্রমিকই জাতির চালিকাশক্তি।