ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং নিয়ে মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং নিয়ে মতবিনিময়
গুজব রোধে তথ্য যাচাই ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান

অলিউল্লাহ অলি, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বানারীপাড়া উপজেলা মিলনায়তন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাঈচ রিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন। এ সময় বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার মো. আবুল বাশার, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ ও সাধারণ সম্পাদক শুভ মোঘলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রোগ প্রতিরোধে সচেতনতামূলক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক তথ্য জনগণের মধ্যে পৌঁছাতে পারলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

মতবিনিময় সভায় বিশেষ গুরুত্ব পায় ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ডেঙ্গু কিংবা অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো তথ্য বা ছবি সংবাদ হিসেবে প্রকাশের আগে এর উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।

এ সময় গুগল লেন্সসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ছবি, তথ্য ও অনলাইন কনটেন্ট যাচাইয়ের বিষয়েও সাংবাদিকদের অবহিত করা হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ছবি বা তথ্যের প্রকৃত উৎস শনাক্ত করে একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, একটি ভুল বা যাচাইবিহীন তথ্য জনমনে বিভ্রান্তি ও অযথা আতঙ্ক তৈরি করতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া, তথ্যের উৎস যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে একাধিক সূত্র থেকে তথ্য নিশ্চিত করা সাংবাদিকদের দায়িত্ব।

সভায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স