কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে কলেজের (বিজয়২৪) হলে আটকে রাখেন।
জানা গেছে, অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য প্রায় ৯৮ শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন আকাশ। কম খরচে ফরম পূরণের প্রতিশ্রুতি দিলেও পরে সেই টাকা আর ফেরত দেননি তিনি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এভাবে প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটকে রেখে জবাবদিহির দাবি জানান।
এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী বলেন, "অস্বচ্ছ লেনদেন কলেজ প্রশাসন কখনোই অনুমোদন দেয় না। দরিদ্র শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট তহবিল রয়েছে, কিন্তু রাজনৈতিক নেতাদের মাধ্যমে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়ার নিয়ম নেই।"
এদিকে, ঘটনার পর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের শাখা কমিটি থেকে আসাদুজ্জামান আকাশকে বহিষ্কার করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে