অলিউল্লাহ,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি আঃ জলিল সরদার (৫১)। তিনি সাতবাড়িয়া টেকনিক্যাল দশ গম্বুজ জামে মসজিদের ইমাম বলে জানা গেছে।
শিশুটির মায়ের দায়ের করা এজাহারের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো আট বছরের ওই শিশু আরবি পড়তে মসজিদে যায়। এ সময় মসজিদে অন্য কোনো শিক্ষার্থী না থাকার সুযোগে অভিযুক্ত ইমাম শিশুটিকে মসজিদের পাশের নিজ কক্ষে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই কক্ষে হাত-পা টিপে দেওয়ার অজুহাতে শিশুটির সঙ্গে অসৌজন্যমূলক ও যৌন নিপীড়নমূলক আচরণ করেন অভিযুক্ত ইমাম। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। পরদিন ২৭ সেপ্টেম্বর দুপুরে পরিবারের সদস্যরা অভিযুক্ত ইমামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর শিশুটির মা সাবরিনা মমতাজ ঝর্ণালী বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আঃ জলিল সরদারকে গ্রেফতার করে।
এদিকে মামলা দায়েরের পর অভিযুক্তকে রক্ষায় স্থানীয় একটি প্রভাবশালী মহল তৎপর হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটির পরিবার। তাদের দাবি, ওই মহলের আশ্রয়-প্রশ্রয়ের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে প্রভাবশালী মহলের বিরুদ্ধে করা অভিযোগ এবং মামলার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বানারীপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুটির নিরাপত্তা নিশ্চিত, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিশুটির পরিবার।
Bangabani24