ঢাকা | বঙ্গাব্দ

বৈঠাকাটা ভাসমান বাজারে উৎসবের আমেজ: বেলুয়া নদীতে জমজমাট ভেলা বাইচ-২০২৬

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
অলিউল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া, পিরোজপুরের নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার মিলনস্থল নাজিরপুরের বেলুয়া নদীর বৈঠাকাটা ভাসমান বাজারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা বাইচ-২০২৬। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নদীর বুকে আয়োজিত ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীর ও আশপাশের এলাকায় ভিড় করেন হাজারো দর্শনার্থী।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ভেলা বাইচকে ঘিরে সকাল থেকেই বৈঠাকাটা এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। ছোট ছোট ভেলায় প্রতিযোগীরা বৈঠা হাতে নদীর পানিতে নেমে পড়েন। অংশগ্রহণকারী ভেলাগুলোও নানা রঙ ও বাহারি উপকরণে সজ্জিত করা হয়, যা প্রতিযোগিতায় বাড়তি আকর্ষণ যোগ করে।

বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীর, বিভিন্ন নৌযান এবং আশপাশের এলাকায় সৃষ্টি হয় প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষ নৌকায় ও নদীর তীরে অবস্থান নিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। ঢাক-ঢোলের শব্দ, দর্শকদের উল্লাস আর প্রতিযোগীদের বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো বেলুয়া নদী।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও ঐতিহ্যবাহী এ ভেলা বাইচ উপভোগ করেন। অনেকে মোবাইল ফোনে প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্ত ধারণ করেন। নদীর বুকে একের পর এক ভেলার দৌড় এবং দর্শকদের উচ্ছ্বাসে বৈঠাকাটা ভাসমান বাজার এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত লোকজ উৎসবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় নৌক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ভেলা বাইচের আয়োজনে ছিলেন শাহারিয়া পারভেজ, সজিব আহমেদ, নাইমুল ইসলাম মিঠু, রিয়াজ (রেকি), মেহেদী হাসান ও মো. আরিফ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার সাউন্ড বক্স এবং তৃতীয় পুরস্কার বাটন মোবাইল ফোন প্রদান করা হয়।

ঐতিহ্যবাহী এ ভেলা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজক ও স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌক্রীড়া সংরক্ষণ করা সম্ভব হবে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির এই অনন্য ঐতিহ্য আরও ব্যাপকভাবে তুলে ধরা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স