ঢাকা | বঙ্গাব্দ

অনিয়মে ছাড় নয়, অভিযানে কাঁপল বানারীপাড়া উপজেলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
অনিয়মে ছাড় নয়, অভিযানে কাঁপল বানারীপাড়া উপজেলা

অলিউল্লাহ, বানারীপাড়া ( বরিশাল)  প্রতিনিধি।। 

জনস্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের অধিকার সংরক্ষণে বরিশালের বানারীপাড়া উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় পরিচালিত এ অভিযানে বাজারের নানা অনিয়ম, নিম্নমানের পণ্য বিক্রি, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অবহেলা এবং আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়।

অভিযান পরিচালনা করেন নুসরাত নওশীন। তাঁর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বাজার তদারকি, পণ্যের মান যাচাই এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় আইন অমান্য করে সাধারণ মানুষের স্বাস্থ্য ও অধিকার নিয়ে ঝুঁকি তৈরি করছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের এ অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরিয়েছে। অনেক সচেতন ক্রেতা ও এলাকাবাসী এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “মানুষের নিরাপদ খাদ্য গ্রহণের অধিকার নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান। কেউ আইনের ঊর্ধ্বে নয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও কঠোরভাবে চলমান থাকবে।”

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ফিরবে এবং সাধারণ ভোক্তারা প্রতারণা ও অনিয়ম থেকে সুরক্ষা পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স