নেছারাবাদে পুলিশের অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২০ পিস ইয়াবা
নিজস্ব প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পাঁচটি মামলার আসামিসহ তিনজন কথিত ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় ইয়াবার একটি চালান বিক্রির প্রস্তুতি চলছে। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাসেল খান (২৮), মেহরাব হোসেন (২০) ও শাকির মোল্লা (২০)। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া রাসেল খানের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। তাকে আটকের উদ্দেশ্যে অভিযান চালানোর সময়ই মাদক লেনদেনের তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নেছারাবাদ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে যাকে কেন্দ্র করে তথ্য পাওয়া গিয়েছিল, তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মাদক উদ্ধার হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Bangabani24