মো: ইফতে খায়রুল আলম সজিব,ময়মনসিংহ প্রতিনিধি:
সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা ও গোপনে বিয়ের অভিযোগে ময়মনসিংহে র্যাব-১৪-এর অভিযানে এক প্রতারক ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত প্রধান আসামি মোঃ মাহিন হোসেন (৩১) নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে গোপনে বিবাহ রেজিস্ট্রি করেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মেয়ের পরিবার মাহিনের কর্মস্থল ও পরিচয় যাচাই করতে গিয়ে তার মেজর পদবী ও সামরিক পরিচয় সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার র্যাব-১৪-এর কাছে অভিযোগ জানালে, গতকাল রাত ৩টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাহিনসহ আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানে ৩টি মোবাইল ফোন, ৩৯০০ টাকা নগদ অর্থ এবং একটি টয়োটা গাড়ি জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে মাহিন কোনো সেনা সদস্য নন এবং এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের ময়মনসিংহের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে আরও জানা গেছে, আসামিরা পূর্বেও বিভিন্ন প্রতারণার ঘটনায় জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।