প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2025 ইং
কাউনিয়ায় অটো ভাড়ার নামে যাত্রী হয়রানি, ১.৫ কিলোমিটারের জন্য আদায় হচ্ছে দ্বিগুণ ভাড়া

সজীব উদ্দিন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার থেকে মৌলভীবাজার পর্যন্ত মাত্র ১.৫ কিলোমিটারের অটো রিকশা ভাড়া হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে জনপ্রতি ৫ টাকা ভাড়া নেওয়া হতো, এখন সেখানে ১০ টাকা করে আদায় করা হচ্ছে জোরপূর্বক। এতে প্রতিদিন যাতায়াত করা সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
অভিযোগ রয়েছে, অটোচালকরা যাত্রীদের আপত্তি কিংবা প্রতিবাদ আমলে নিচ্ছেন না। কেউ ভাড়ার বিষয়ে প্রশ্ন তুললেই চালকদের রুঢ় আচরণ, কখনো কখনো ধমকধামকি এমনকি হাতাহাতির মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
এই রুটে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী ও নিম্নবিত্ত মানুষ যাতায়াত করে। বিশেষ করে চরাঞ্চল ও আশপাশের গ্রামের মানুষজন, যারা দিনমজুর বা ক্ষুদ্র পেশায় নিয়োজিত—তাদের পক্ষে দিনে ২-৩ বার যাতায়াতের অতিরিক্ত খরচ বহন করা অসম্ভব হয়ে উঠেছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদি হাসান মিলু, যিনি নিজেও একজন নিয়মিত যাত্রী, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তার ভাষ্যে, “আমরা প্রতিদিনই এই রুটে হয়রানির শিকার হচ্ছি। দ্রুত ব্যবস্থা না নিলে অটোচালকরা আরও বেপরোয়া হয়ে উঠবে।”
তকিপল বাজার থেকে মৌলভীবাজার পর্যন্ত রুটে প্রতিদিন যাতায়াত করেন মাদরাসাতুল ইসলাহ আল আরাবিয়া-এর শিক্ষার্থীরাও। ওই মাদ্রাসার হিফজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমি প্রতিদিন দুইবার যাতায়াত করি। আগে ১০ টাকা খরচ হতো, এখন ২০ টাকা। এই খরচ আমার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, “এই ছোট রুটে ১০ টাকা করে নেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। সাধারণ মানুষ আগে থেকেই দ্রব্যমূল্যের চাপে কষ্টে আছে। এই ভাড়া বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা।”
স্থানীয়দের মতে, অটো রিকশা ভাড়া নির্ধারণে প্রশাসনের নির্দিষ্ট নীতিমালা থাকলেও বেশিরভাগ চালক তা মানছেন না। প্রয়োজনীয় নজরদারি ও প্রশাসনিক তৎপরতার অভাবেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, বিষয়টি অবিলম্বে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা না নিলে যাত্রী হয়রানি বন্ধ হবে না এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের আশু হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24