প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 12, 2025 ইং
যশোরে নারীর করোনা শনাক্ত

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::
যশোরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এক নারীর করোনা শনাক্ত হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় করা পরীক্ষায় বৃহস্পতিবার ধরা পড়ে তার শরীরে করোনা ভাইরাস। তাকে ওই হাসপাতাল থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডের নির্ধারিত কক্ষে রাখা হয়েছে।
ওই নারীর বয়স ৫৫ বছর। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়। জ্বরে আক্রান্ত অবস্থায় দুই দিন আগে তিনি যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে বৃহস্পতিবার।
যশোরের সিভিল সার্জন মাসুদ রানা বলেন, খবর পেয়ে তিনি যশোর জেনারেল হাসপাতালে যান। চিকিৎসকরা তার করোনা আক্রান্তের কথা জানিয়েছেন। আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত জানান, বিকেলে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনিক সেন্টারের চিকিৎসকরা তাকে জানান সেখানে এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এটি পেয়েছেন। হাসপাতাল থেকে এখনও কোনো পরীক্ষা করা হয়নি। তবে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে এবং সংক্রামক ওয়ার্ডে করোনা আক্রান্তদের জন্য আপাতত নির্ধারিত ৩টি কক্ষের একটিতে আইসোলেশনে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24