প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
নেছারাবাদে ৭ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে ৭ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুনিহারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গাফফার মাহাজনের ছেলে। তিনি দৈনিক ‘আজকের বার্তা’সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান হারুন ও এএসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কুনিহারী এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, সাইফুল ইসলাম পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে ইয়াবা নিয়ে নেছারাবাদে আসছিলেন। এছাড়া সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে সাইফুল ইসলামের সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দৈনিক ‘আজকের বার্তা’র পিরোজপুর জেলার স্টাফ রিপোর্টার ও স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, নেছারাবাদ উপজেলায় সাইফুল ইসলাম নামে দৈনিক ‘আজকের বার্তা’র কোনো সাংবাদিক নেই। তিনি স্বরূপকাঠি প্রেস ক্লাবেরও সদস্য নন। তার কাছে থাকা পত্রিকার পরিচয়পত্রটি ভুয়া বলে দাবি করেন তিনি।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন স্থানে সাংবাদিকতার পরিচয় দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24