প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
মাদক কারবারের অভিযোগে বানারীপাড়া ইলুহারে মিয়াদ আটক

মাদক কারবারের অভিযোগে বানারীপাড়া ইলুহারে মিয়াদ আটক; স্বীকারোক্তিতে ইউপি সদস্যসহ একাধিক নাম প্রকাশ।
নিজস্ব প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়া উপজেলার ২নং ইলুহার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মিয়াদ (৪০) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়াদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় জনতা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে মিয়াদ ইউপি সদস্য আবুল কালাম মেম্বার, তার ভাই মিজান এবং সাইদুল (পিতা: শহীদ) নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন বলে স্থানীয়রা দাবি করেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি স্বীকার করেন যে, আবুল কালাম মেম্বারের সংশ্লিষ্টতা ও নিয়ন্ত্রণে থেকে দীর্ঘদিন ধরে তিনি মাদক সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, মিয়াদ দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনের সঙ্গে জড়িত ছিল এবং মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় জনতা বিষয়টি বানারীপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিয়াদকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য আবুল কালাম মেম্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24