
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে নিজেরাও সেটা বেছে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষ এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরপর দলের মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি। আসিফ মাহমুদ বলেন, আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।
এদিন দুপুরে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়। হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও পর পর ধর্ষণ ও নিপীড়নের ঘটনা প্রমাণ করে, এ দেশের নারীরা এখনও নিরাপদ নয়।
হামলাকারীরা মুঠোফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।