প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
জমি নিয়ে বিরোধে রক্তাক্ত পরিণতি: ছুরিকাঘাতে বাবা-ভাই নিহত

জমি নিয়ে বিরোধে রক্তাক্ত পরিণতি: ছুরিকাঘাতে বাবা-ভাই নিহত
নিজস্ব প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে বাবা ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলু ইসলাম (৭০) এবং তার ছেলে কাবিল (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু ইসলামের দুটি সংসার ছিল। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দুলু ইসলাম প্রথম পক্ষের দুই ছেলের নামে কিছু জমি লিখে দেন। বিষয়টি জানার পর দ্বিতীয় পক্ষের ছেলেরাও ওই জমিতে অংশ দাবি করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে রাস্তায় বাবার সঙ্গে দেখা হলে দ্বিতীয় পক্ষের দুই ছেলে তাকে মারধর শুরু করে বলে অভিযোগ ওঠে। এ সময় খবর পেয়ে প্রথম পক্ষের ছেলে কাবিল বাবাকে রক্ষা করতে এগিয়ে আসেন। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুলু ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত কাবিলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথে তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24